ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল শ্বশুরের, জামাই হাসপাতালে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২ মে ২০২৩
প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল শ্বশুরের, জামাই হাসপাতালে
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক সঞ্চালন লাইন টানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ফজলুর রহমান বেপারী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ফজলুর রহমানের মেয়ে জামাই শ্যামল শেখ আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের কল্যানশিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান একই গ্রামের আব্দুল জলিল বেপারীর ছেলে। ছুরিকাহত জামাই শ্যামলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্যামল জানান, সম্প্রতি প্রতিবেশী রাসেল বেপারীর বাড়ির বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে তার শ্বশুর ফজলুর রহমানের বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক লাইনের তার টানতে যান রাসেল ও তার লোকজন। এ সময় তার শ্বশুর বৈদ্যুতিক তার টানতে বাধা দেন। এনিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শ্যামল সেখানে ছুটে গেলে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে ধারালো ছুরিকাঘাত করেন ও তার শ্বশুরকে কিল-ঘুষি মারেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্বশুর ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আতঙ্কে তিনি হার্ট অ্যাটাক করেছেন। অথবা মাথায় কিল-ঘুষি লাগতে পারে। নিহতের মাথায় রক্তক্ষরণ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বলা যাবে কীভাবে মারা গেছেন।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, বৈদ্যুতিক তার টানাকে কেন্দ্র করে মারামারি হয়েছে দুইপক্ষের মধ্যে। এতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঐ বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!