মহেশপুরে ২ কেজি সোনাসহ আটক ২
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২০টি সোনার বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এসব সোনার ওজন দুই কেজি ৩৩১ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা।
আটককৃতরা হলেন, উপজেলার জিন্নানগর গ্রামের সাদির আলি মন্ডলের ছেলে আছানুর রহমান ও চয়েন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডল।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
.png)
লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান- পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কাজীরবেড় গ্রামে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। রাত ১১টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের জিরো লাইনের দিয়ে যাওয়ার সময় আছানুর রহমান ও নবিছদ্দি মন্ডলকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের থেকে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ২০টি সোনার বার। উদ্ধারকৃত সোনার ওজন দুই কেজি ৩৩১ গ্রাম। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় পাঠানো হয়েছে। আর উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।