শুক্রবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- রোহিঙ্গা ডাকাত ছালেহ বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছালেহ, নুরুল আলম নূরু, আক্তার কামাল সোহেল, নুরুল আলম লালু, হারুনুর রশিদ ও এরিয়াজ উদ্দিন বাপ্পি।
শনিবার দুপুরে র্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার মাঈন উদ্দিন।
.png)
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় খবর আসে ছালেহ বাহিনী অপহরণের প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। ঐ সময় সালেহ বাহিনীর প্রধানসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, তিনটি একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুকসহ মোট ১১টি দেশীয় তৈরি বন্দুক, ১৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড খালি কার্তুজ, দুটি ছুরি ও ছয়টি দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা স্বীকার করেন রোহিঙ্গা ডাকাত ছালেহ এর নেতৃত্বে টেকনাফের দুর্গম পাহাড়ে অপহরণ-মুক্তিপণ আদায় ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে চক্রটি। এই চক্রের সদস্য ১২-১৫ জন। পরে আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।