শ্যামনগরে ১৬৩ সাইক্লোন সেন্টারসহ প্রস্তুত কোস্টগার্ড
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন।
আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম, রাস্তার পরিষ্কার রাখার জন্য ‘স’ মিল শ্রমিক প্রস্তুত রাখতে বলা হয়েছে। উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো সংস্কারের কাজ চলমান রয়েছে।
.png)
সভায় আরো বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ।
এদিকে, কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে- কোস্টগার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চল সমূহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন সেন্টারে নেয়ার পাশাপাশি কোস্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোস্টগার্ডের জাহাজ, বোর্ট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজিস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিও টিম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কোস্টগার্ড কর্মকর্তা ও নাবিকদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়োজিত করা হয়েছে এবং জরুরি অবস্থা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে।