ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায়

মোংলায় ১০৩ আশ্রয়কেন্দ্রসহ ১৪০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ১১ মে ২০২৩
মোংলায় ১০৩ আশ্রয়কেন্দ্রসহ ১৪০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সভা অনুষ্ঠিত -ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ১৪০০ স্বেচ্ছাসেবক ও ১০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রশাসকের কক্ষে ইউএনও দীপংকর দাশের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা বলেন, মোংলায় ১০৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে। যেগুলোর সবই স্কুল কাম সাইক্লোন শেল্টার। উপজেলার ছয়টি ইউনিয়নে রয়েছে ৮৪টি আর পৌরসভায় রয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র। এখানকার ২ লাখ ২৬ হাজার ৭৫১ জনের মোট জনসংখ্যার বিপরীতে ১০৩টি আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা রয়েছে ৬৮ হাজার।

Advertisement

ইউএনও দীপংকর দাশ বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়াতে এরই মধ্যে এ উপজেলায় সিপিপির ৬৬টি ইউনিটের ১৪০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আগেভাগে সরিয়ে আনা হবে। দুর্গতদের জন্য খাবার মজুত করা হয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, সতর্ক সংকেত যখন তিন নম্বর দেওয়া হবে তখন লোকজনকে সতর্ক করার পাশাপাশি জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রমুখী করার ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদগুলোতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!