ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদ খাওয়া নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে হত্যা করলো বন্ধু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১৩ মে ২০২৩
মদ খাওয়া নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে হত্যা করলো বন্ধু
নিহত রফিকুল ইসলাম -ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বন্ধুর হাতে রফিকুল ইসলাম (২২) নামে এক অটোচালক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু আইয়ুব আলীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন তিস্তা নদীর চর এলাকা থেকে নিহতের মহদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং গ্রেফতার আইয়ুব আলী বীরগঞ্জ থানার চকদফর এলাকার ইনসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে দহগ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান আইয়ুব। শুক্রবার বন্ধু রফিকুলকে দিনাজপুর থেকে অটোসহ ডেকে নিয়ে যান তিনি। পরে সন্ধ্যার দিকে তিস্তার চরে গিয়ে দুই বন্ধু মদপান করেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে রফিকুলকে হত্যা করেন। পরে বালু দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান বন্ধু আইয়ুব। পরে পুলিশ নিহতের মরদেহ শনিবার সকালে উদ্ধার করে এবং আইয়ুব আলীকে গ্রেফতার করে।

পাটগ্রাম থানার ওসি উমর ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আইয়ুব তার বন্ধুকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!