ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ধর্ষণের দায়ে তরুণকে ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৫ মে ২০২৩
শিশু ধর্ষণের দায়ে তরুণকে ১০ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে এক তরুণকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন।

জানা যায়, চার বছর আগে ২০১৯ সালের ২০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গার পশ্চিম হাসামদিয়া মহল্লায় চার বছরের এক শিশুকে পাখি ধরার লোভ দেখিয়ে ধর্ষণ করে ঐ তরুণ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে ঐ তরুণকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই পীযূষ কান্তি হালদার ২০১৯ সালের ২৯ নভেম্বর আদালতে ঐ তরুণকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন কুমার পাল জানান, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় এ রায় প্রদান করা হয়েছে। আদালত যাকে ১০ বছর সশ্রম দিয়েছেন, সে এখন ২০ বছরের তরুণ হলেও অপরাধ সংগঠনের সময় তার বয়স ছিল ১৬ বছর। এজন্য আদালত তাকে শিশু হিসেবে এ অপরাধের সর্বোচ্চ সাজা দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!