জামালপুরে কুকুরের কামড়ে আহত ২৫
জামালপুরে বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের ফুলবাড়িয়া, শাহপুর, মুন্সিপাড়া, জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- আব্দুল কাদের তরফদার দুলাল, মিন্টু মিয়া, নুর ইসলাম, নুর, রেজিয়া বেগমসহ ২৫ জন। তারা পৌরশহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর পৌরশহরের ফুলবাড়িয়া, শাহপুর, মুন্সিপাড়া, জিগাতলাসহ আরো কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে ২৫ জন আহত হন। বেওয়ারিশ কুকুর মানুষের ওপর আক্রমণ চালায়। হাসপাতালে নিয়ে গেলে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
.png)
আহত আব্দুল কাদের তরফদার দুলাল বলেন, সকালে নাস্তা করে বাসায় ফিরছিলাম। এ সময় আমার ১০ থেকে ১২ হাত সামনে একজনকে কুকুরে কামড় দেয়। পরে তাকে ছেড়ে দিয়ে আমাকে এসে আক্রমণ করে। আমার পা ও হাতে কামড় দেয় কুকুর। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাজিব জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ২৫ জনের মতো চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।