ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০১, ২৯ মে ২০২৩
কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, গ্রেফতার ১
বাসাইল থানা- ফাইল ফটো

টাঙ্গাইলের বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আকাশ উপজেলার কাজিরাপাড়া গ্রামের মো. মাহফুজের ছেলে। হামলার শিকার আহনাব শাহরিয়ার নাবিল টাঙ্গাইল সদরের মুসলিম উদ্দিন আহমেদের ছেলে। নাবিল বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

জানা যায়, রোববার দুপুরে হামলার শিকার নাবিল বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কৃষি শিক্ষা পরীক্ষা শেষ করে কয়েকজন বন্ধুর সঙ্গে তার নিজ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় বাসাইল কেন্দ্রীয় কবরস্থানের সামনে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জনের কিশোর গ্যাংয়ের একটি সংঘবদ্ধ দল নাবিলের পথরোধ করে। একপর্যায়ে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে নাবিলকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। এ সময় নাবিলকে সেখান থেকে অপহরণের উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে।

Advertisement

নাবিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নাবিলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রসহ সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে নাবিলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাবিল বর্তমানে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নাবিলের বাবা মুসলিম উদ্দিন আহমেদ বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্য আকাশসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!