চাকরির নামে কিশোরীদের সঙ্গে যা করতেন তারা
চট্টগ্রামে চাকরি দেওয়ার কথা বলে অসহায় কিশোরীদের আটকে রেখে আপত্তিকর কাজে বাধ্য করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চার কিশোরীকে উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে নগরের বন্দর থানার ইছহাক ডিপো এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- তৃতীয় লিঙ্গের শ্রাবন্তী, মিতু আক্তার কাজল, আমির হোসেন, মো. জামাল ও আব্দুল জলিল।
বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, ইছহাক ডিপো এলাকায় ভাসমান টিনের ঘরে কিশোরীদের আটকে রেখে আপত্তিকর কাজে বাধ্য এবং শারীরিক নির্যাতন করছিলেন তৃতীয় লিঙ্গের শ্রাবন্তী ও তার কয়েকজন সহযোগী। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার ও শ্রাবন্তীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যান।
ওসি আরো বলেন, লালন-পালন ও চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রাম রেলস্টেশন, টাইগারপাসসহ বিভিন্ন এলাকা থেকে অসহায় কিশোরীদের নিয়ে আসতেন তারা। এরপর ঘরে আটকে রেখে আপত্তিকর কাজে বাধ্য করতেন। রাজি না হলে চালাতেন নির্যাতন। তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে।