সোমবার বিকেল থেকে জেলার সোনামসিজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক আসা শুরু হয়। ঐদিন ভারত থেকে ৫৬ ট্রাকে ১ হাজার ৬৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। অন্যদিকে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে ১৩৩ ট্রাকে ২৭৭৭ দশমিক ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।
মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। দুপুরে শহরের পুরাতন বাজারে গিয়ে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। অন্যদিকে কদিন আগে ৯০-৯৫ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দরে।
.png)
জেলার পুরাতন বাজারের পেঁয়াজের ব্যবসায়ী একরামুল হক জানান, তিনি রোববার ৮৮ টাকা কেজি দরে ১ হাজার কেজি দেশি পেঁয়াজ কিনেছিলেন। সেই পেঁয়াজ এখন লসে বিক্রি করছেন। কেজিতে তার লস হচ্ছে প্রায় ২৮-৩০ টাকা।
মো. পলাশ নামে আরেক মসলা ব্যবসায়ী জানান, গত দুদিন আগে ৯০-৯৫ টাকায় বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। সোমবার ৭০-৭৫ টাকায় বিক্রি হলেও, মঙ্গরবার সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়।
পুরাতন বাজারের আড়তের মালিক আনারুল ইসলাম জানান, তার আড়তে মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ আসায় বাজারে পেঁয়াজের দাম কমেছে ৩০-৪০ টাকা। আগামীতে আরো বাজার কমবে বলেও জানান তিনি।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, দুদিনে ৩ হাজার ৮৪২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে ভারত থেকে।