[ দেশজুড়ে ]
টেকনাফে আইসসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মেহেদি হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতার মেহেদি হাসান উপজেলার খোনকার পাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার আলুগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, নাজিরপাড়া বিওপির আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেদি হাসানকে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেহেদি মাদক পাচারের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে, কেওড়া বাগানের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। গ্রেফতার যুবককে জব্দকৃত আইসসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!