অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা
মানিকগঞ্জে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে নিউ হিরা ইলেকট্রনিক্সকে ১৫ হাজার ও রাজ ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
সহকারী পরিচালক রুমেল বলেন, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের প্রেক্ষিতে সকাল থেকেই আমরা মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিক্রেতারা পণ্যের মূল্য মুছে দেড় থেকে দুই গুন অতিরিক্ত দামে এসব ফ্যান বিক্রি করছিল। অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় আজ দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, যদি কোনো দোকানি পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করে তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের হট লাইন নম্বর ১৬১২১ কিংবা আমাদের জেলা অফিসে অভিযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।