ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যারেজের শাটারে ঝুলছিল ১০ ফুট লম্বা অজগর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ৮ জুন ২০২৩
গ্যারেজের শাটারে ঝুলছিল ১০ ফুট লম্বা অজগর
ছবি: সংগৃহীত

সিলেটের একটি বাড়ির গ্যারেজ থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মহানগরীর শাহপরান উপশহর আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করে ‘স্নেক রেসকিউ’ নামে একটি সংগঠন।

জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অধ্যাপক আহমেদ জালাল সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য গাড়ি বের করতে গ্যারেজের শাটার খোলার চেষ্টা করেন। শাটারটি উপরে না ওঠায় শাটারের বক্সটি খোলেন তিনি। এ সময় সেখানে একটি অজগর ঝুলে থাকতে দেখেন। পরে ‘৯৯৯’ নম্বরে কল দিলে ‘স্নেক রেসকিউ’ সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

আহমেদ জালাল জানান, সাপটি দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডাক দেন তিনি। সাপটিকে কাঠ দিয়ে শাটার থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে সাপটি নেমে গ্যারেজের ভেতরে ঢুকে যায়। এরপর তিনি ৯৯৯ নম্বরে কল দেন। তারা ‘ওয়াইল্ড লাইফ’ নামে সংগঠনের এক কর্মকর্তার নম্বর দেয়। কিন্তু সেই নম্বরে কল দিয়ে সাড়া মিলছিল না। পরে ‘স্নেক রেসকিউ’ সংগঠনের এক কর্মীকে কল দেন তিনি। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

Advertisement

আহমেদ জালাল বলেন, সাপটি প্রায় ১০ ফুট লম্বা ছিল। দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো খাবারের সন্ধানে সেখানে চলে এসেছিল।

‘স্নেক রেসকিউ’ সংগঠনের উদ্ধারকর্মী শ্রীবাস নাথ বলেন, অজগরটি ‘বারমিজ পাইথন’ জাতের। উদ্ধারের পর বন বিভাগকে জানানো হয়েছে। অজগরটি শাটারে আটকে গিয়ে কিছুটা আঘাত পেয়েছে। প্রাথমিক সেবা দিয়ে বন বিভাগের টিলাগড় ইকোপার্কের বনকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট বন বিভাগের টিলাগড় বিটের অ্যানিমেল কিপার মো. মাসুদ হাওলাদার বলেন, অজগরটি লেজের দিকে কিছুটা আঘাত পেয়েছে। ক্ষতস্থানের চিকিৎসা করে ইকোপার্কে ছেড়ে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!