ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভিনব কায়দায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ৯ জুন ২০২৩
অভিনব কায়দায় হাসপাতাল থেকে নবজাতক চুরি
ছবি: সংগৃহীত

নার্সের পোশাক পরে ডাক্তার দেখানোর কথা বলে নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে একদিন বয়সী কন্যা শিশুকে নিয়ে পালিয়েছে এক অজ্ঞাত নারী। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও হাসনা হেনা দম্পতির সন্তান।

শিশুর চাচা মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা শিশু জন্ম নেয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদা ও তার মাকে হাসপাতালে রেখে অন্য সবাই বাড়িতে যান। বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন।

Advertisement

এ সময় হঠাৎ একজন মাস্ক পরা নারী এসে শিশুটিকে কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানায় উঠে বসতে বলেন। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যান ঐ মাস্ক পরা নারী। এ সময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও আবু সাঈদ জানান, বাচ্চা চুরির ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে নার্সের পোশাক পরে ঐ অজ্ঞাত নারী বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছে। একপর্যায়ে হাসপাতাল থেকে বের হয়ে রিকশাযোগে পালিয়ে গেছে। দ্রুতই পুলিশের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করা হবে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!