ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১২ জুন ২০২৩
স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১
গ্রেফতার অভিযুক্ত বাবু সরদার। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। সোমবার দুপুরে বাবু সরদার নামে এক তরুণকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। 

আসামিরা হলেন সদর উপজেলার ঘটমাঝি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে বাবু সরদার। একই এলাকার লুৎফর মোড়লের ছেলে শাহীন মোড়ল, সৈকত মাতুব্বরের ছেলে রাসেদ মাতুব্বর ও আরিফ চৌকিদারের ছেলে জিয়া চৌকিদার।

জানা যায়, সদর উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত বাবু তাকে কুপ্রস্তাব দিতেন। শুক্রবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে বাড়ির বাইরে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা বাবু তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। 

Advertisement

পরে ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাবু। একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বাবুর বন্ধুরা মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে রোববার ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মিলেছে। এই ঘটনায় প্রধান আসামি বাবুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!