কাপ্তাই হ্রদে গোসলে নেমে নিথর যুবক
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে রাঙ্গামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদের বালুরচর নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত তন্ময় বড়ুয়া রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘাট এলাকার বাসিন্দা নেপাল বড়ুয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ইঞ্জিন চালিত বোটযোগে তন্ময় এবং তার বন্ধুরা কাপ্তাই হ্রদের বালুরচর নামে একটি দ্বীপের উদ্দেশে ভ্রমণে বের হন। দ্বীপে পৌঁছালে সেখানে বোট ভিড়িয়ে হ্রদের পানিতে সবাই গোসল করতে নামেন। একপর্যায়ে হ্রদের পানিতে তলিয়ে যান তন্ময়। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তন্ময়কে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন, মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।