চকলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে নিথর ২ শিশু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফাতেমা বেগম (৪) উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাত ফুফাতো বোন ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করছিল। খেলার কোনো এক ফাঁকে বাড়ির ঘরের পাশে ইঁদুরের গর্তে ইঁদুর মারার জন্য সাদা ট্যাবলেট দিয়ে রাখেন পরিবারের সদস্যরা। গর্ত থেকে সেই ট্যাবলেট শিশু দুইজন চকলেট মনে করে খেয়ে ফেললে অচেতন হয়ে পড়ে।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।