মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে সর্বোচ্চ গভীরতার জাহাজ
মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ এম ভি ফিলোটিমো (গিয়ারলেস জাহাজ) বন্দরের ৭নং জেটিতে ভিড়েছে। জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দর এ সাফল্য অর্জিত হয়েছে। পশুর চ্যানেলে ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে এখন ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে।
সোমবার মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার বিকেল ৪টায় বন্দরের ৭ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ১৭২ মিটার দৈর্ঘ্যের এম ভি ফিলোটিমো (গিয়ারলেস জাহাজ) জাহাজটি নোঙর করে। জাহাজটিতে ৭৫০ টিইউজ কন্টেইনার এসেছে। এরমধ্যে ২১১টি ৪০ ফিট কন্টেইনার ও ৩২৮টি ২০ ফিটের কন্টেইনার রয়েছে।
.png)
এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর ও চলতি বছরের ২৭ মার্চে কন্টেইনারবাহী ৮ মিটারের জাহাজ বন্দরের জেটিতে আগমন করেছিল। নিয়মিত ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না এবং ভবিষ্যতে আরও অধিক ড্রাফটের জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, বন্দর জেটিতে নিয়মিত ৮ মি. গভীরতার কন্টেইনার জাহাজ আগমন মোংলা বন্দরের জন্য একটি নবধারার সূচনা। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়ের দিক-নির্দেশনায় ও বন্দর ব্যবহারকারীদের সহযোগিতার ফলে মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার গার্মেন্টস পণ্যসহ অন্যান্য সব ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে। এর সুফল হিসেবে মোংলা বন্দর এলাকায় গড়ে উঠেছে শিল্প-কারখানা।