চান্দিনায় বিকাশ হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিকাশ চন্দ্র দাস হত্যা মামলার আসামি আজিজুল হক আজুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত আজিজুল হক আজু উপজেলার বরকরই ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের মো. শহিদ উল্লাহ্র ছেলে। এর আগে, সোমবার বিকেলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর রমনা পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা থানার এসআই মো. মঞ্জুর হোসেন। নিহত বিকাশ চন্দ্র দাস চান্দিনার নারাচোঁ গ্রামের মনমোহন চন্দ্র দাসের ছেলে।
চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খাঁন জানান, বিকাশ হত্যা মামলার একমাত্র আসামি আজিজুল হক আজু। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
.png)
গত ৫ জুন উপজেলার বরকরই ইউনিয়নের নারাচোঁ গ্রামে গৌতমের মৎস্য প্রজেক্ট সংলগ্ন মাঠে ক্রিকেট খেলা চলছিল। বিকাশ চন্দ্র দাস দাঁড়িয়ে খেলা দেখছিলেন। হঠাৎ আজু এসে পাওনা টাকা চাওয়ার অজুহাতে বিকাশকে কিলঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে বিকাশ মাটিতে লুটে পড়েন। তাকে উদ্ধার করে নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে একইদিন সন্ধ্যায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে ঝলক বাদী হয়ে একইদিন রাতে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।