কসবায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। শুক্রবার বিকেলে উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় কুমার দাস জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, শুক্রবারর বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় কুটি চৌমুহনিগামী দিগন্ত পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী জয় কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। তবে বাস ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।