গত ২২ জুন নগরীর জোড়াগেটে শুরু হওয়া এই হাট চলে ঈদের দিন ফজরের নামাজের আগ পর্যন্ত।
শুক্রবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
কেসিসি সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে জোড়াগেটে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট বসছে। খুলনা জেলা এবং মহানগরী ছাড়াও নড়াইল, যশোর, বাগেরহাট, সাতক্ষীরাসহ আশপাশের জেলা এবং উপজেলা থেকে এই হাটে পশু আনা হয়। সপ্তাহব্যাপী হাট বসলেও মূলত ঈদের আগের দুই থেকে তিনদিন হাটে বেচাকেনা বেশি হয়।
এবার নগরীর জোড়াগেট এলাকায় কোরবানির পশুর হাট শুরু হয় গত ২২ জুন। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন ভোর পর্যন্ত হাটে ছয় হাজার ২০টি কোরবানির পশু (গরু, ছাগল ও ভেড়া) বিক্রি হয়েছে। এর মধ্যে চার হাজার ৪৯টি গরু, এক হাজার ৯১১টি ছাগল এবং ২০টি ভেড়া বিক্রি হয়, যার মূল্য ৪৩ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৫০ টাকা। এ থেকে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হয়েছে ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৬০২ টাকা।