ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ, নিখোঁজ মেয়ে 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ৩ জুলাই ২০২৩
বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ, নিখোঁজ মেয়ে 
ফাইল ফটো

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নিজ ঘর থেকে শাহনাজ আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে নাগরপুর পৌর শহরের কলেজ পাড়া গ্রামের শাহনাজের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ রয়েছেন নিহতের স্কুল পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। নিহত শাহনাজ আক্তার উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে প্রবাসী মোশারফের স্ত্রী। দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন মোশারফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরির্দশক (তদন্ত) হাসান জাহিদ সরকার।

Advertisement

নিহত শাহনাজ আক্তারের বাবা আব্দুল বাতেন জানান, তার মেয়ের জামাই অনেক বছর ধরে বিদেশ থাকে। তার দুই ছেলে ও এক মেয়ে। তারমধ্যে এক ছেলে বিদেশে থাকে। অপর ছেলে ঢাকায় চাকরি করে। মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। শাহনাজ তার মেয়েকে নিয়ে উপজেলা সদরের কলেজপাড়া নিজ বাসায় বসবাস করত।

তিনি আরো বলেন, মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। কীভাবে এ মৃত্যুর ঘটনা ঘটল, বুঝতে পারছি না। শনিবার বিকেলে মেয়ের সঙ্গে কথা হয়েছে। রোববার ফজরের নামাজের পর মেয়ের ফোনে কল দিয়ে আর পাইনি। দুপুরে মৃত্যুর খবর পাই। ঘটনার পর থেকে নাতনিও নিখোঁজ। কেউ হত্যাকাণ্ড ঘটিয়ে নাতনিকে তুলে নিয়ে গেছে বলে সন্দেহ হচ্ছে।

ওই বাসার ভাড়াটিয়া অপু আক্তার জানান, দুপুরে চারতলায় পানি আনতে গিয়ে তিনি দেখতে পান দরজা খোলা। শাহনাজ আপার মরদেহ খাটের ওপর পড়ে রয়েছে। তার মেয়েও ঘরে নেই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

নাগরপুর থানার পরির্দশক (তদন্ত) হাসান জাহিদ সরকার জানান, ওই নারীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মেয়েকে উদ্ধারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!