মঙ্গলবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে সোমবার রাতে উপজেলার কালাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ঐ ব্যক্তির নাম সোহরাব হোসেন। তিনি উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আহাম্মদ উল্লার ছেলে।
.png)
র্যাব-১১ জানায়, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে সোহরাব হোসেনসহ তিনজন চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে গত ১২ জুন সোহরাব হোসেনসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
তিনি আরো বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে আসামি সোহরাব হোসেনকে গ্রেপতার করা হয়। তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।