ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরীপুরে সাহেব আলী হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ৪ জুলাই ২০২৩
গৌরীপুরে সাহেব আলী হত্যায় বাবা-ছেলে গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহেব আলী নামে এক কৃষককে হত্যায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানায় র‌্যাব-১৪। এর আগে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণার পূর্বধলা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গৌরীপুর থানাধীন খলতবাড়ী গ্রামের বাবুল মিয়া ও তার ছেলে জহিরুল ইসলাম। নিহত সাহেব আলী একই এলাকার বাসিন্দা।

Advertisement

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ সাহেব আলীর সঙ্গে বাবুল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত শনিবার বিকেল তিনটার দিকে ফসলি জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে সাহেব আলীর ছেলে রাজীব মিয়ার সঙ্গে বাবুল মিয়ার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বাবুল ও তার ছেলে জহিরুলসহ কয়েকজন রাজীবের ওপর হামলা চালায়। এ সময় রাজীবের চিৎকারে তার বাবা সাহেব আলী এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সাহেব আলী। এ ঘটনায় নিহতের ছেলে রাজীব বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, মামলার পর থেকেই আসামিরা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার পূর্বধলা থানা এলাকা থেকে বাবুল ও তার ছেলে জহিরুলকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!