ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাচাতো ভাইকে হত্যা করে ১৯ বছর পালিয়ে বেড়াচ্ছিলেন সিরাজুল

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৪ জুলাই ২০২৩
চাচাতো ভাইকে হত্যা করে ১৯ বছর পালিয়ে বেড়াচ্ছিলেন সিরাজুল
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজুল ইসলাম ১৯ বছর পলাতক ছিলেন।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী গ্রামের আহছান উল্লাহ’র ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী মো. শহীদুল্লা ফেনী জেলার সোনাগাজী এলাকার বাসিন্দা। শহীদুল্লার সঙ্গে তার আপন চাচার সম্পত্তি ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২০০৪ সালের ২৮ মে শহীদুল্লা এবং তার আপন দুই ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন চাচা ও চাচাতো ভাইয়েরা। এতে শহীদুল্লাসহ তার ভাইয়েরা আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শহীদুল্লা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ফেনীর সোনাগাজী থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি মো. সিরাজুল ইসলাম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। সিরাজুল ইসলাম পলাতক থাকা অবস্থায় এ হত্যা মামলায় আদালত ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

সিরাজুল ইসলাম গ্রেফতার এড়াতে ছদ্মনামে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!