হামলার শিকার ওই শিক্ষক উপজেলার পূর্ব মুলাই পত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তিনি পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষক মিনার মাহমুদ।
অভিযোগ করে তিনি বলেন, গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে আবুল বাজার নামক স্থান থেকে আবুল মাল নামে এক ব্যক্তিও ওই অটোরিকশায় উঠেন। এরপর সেখানে তিনি সিগারেট টানতে শুরু করেন। এ সময় অটোরিকশায় ধূমপান করার কারণে অন্যান্য যাত্রীদের সমস্যা হচ্ছে বলে তাকে জানালে ক্ষিপ্ত হন আবুল মাল।
.png)
শিক্ষক মিনার মাহমুদ আরো বলেন, ওই অটোরিকশা আবুল মালের বাড়ির দরজায় পৌঁছালে তিনি আত্মীয়-স্বজনদের জড়ো করেন। এরপর সবাই মিলে আমাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করেন। ছিঁড়ে ফেলে পরনের পোশাক। পরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিই। এরপর রাতেই এ হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, এ হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। শিগগিরই আমরা তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।