ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কনের বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই মারা গেলেন বর

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ১৫ জুলাই ২০২৩
কনের বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই মারা গেলেন বর
ফাইল ফটো

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা। ঢাক-ঢোল আর সানাইয়ের সুর। দিচ্ছেন উলুধ্বনি। সম্পন্ন বিয়ের সব প্রস্তুতি। কনের বাড়িতে যাওয়ার জন্য তৈরি বরযাত্রী। বেরোনোর ঠিক আগ মুহূর্তে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎ সংযোগ দিতে যান বর স্বপন কুমার দে। এতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। ফলে নিমিষেই স্তব্ধ বিয়ে বাড়ি। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে।

নিহত স্বপন দে বার্থী গ্রামের দ্বীপক দের ছেলে। এদিকে খবর পেয়েই অজ্ঞান হয়ে পড়েছেন মেয়ের বাবা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি আফজাল হোসেন।

Advertisement

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে স্বপন দের নববধূকে আনতে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সব প্রস্ততি সম্পন্ন করা হয়। কনের বাড়িতে যাওয়ার জন্য তৈরি বরযাত্রী। সন্ধ্যার পর স্বপন দে নিজে বাড়ির সামনে গেটে আলোকসজ্জার লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত‍ ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের ভাই বরুন চন্দ্র জানান, শুক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন‍্য প্রস্ততি চলছিল। সেই মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ফলে নিমিষেই স্তব্ধ হয় বিয়ে বাড়ি। 

ওসি আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!