টেকনাফে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণের অভিযোগে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত এক এনজিও কর্মীসহ দুজনকে উদ্ধার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ। এর আগে, শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়।
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা মো. সেলিম ওরফে সেলিম ও একই ক্যাম্পের মো. জসিম উদ্দিন।
.png)
উদ্ধারকৃতরা হলেন- নয়াপাড়া গ্রামের বাসিন্দা এনজিও কর্মী মো. হাছান ও মো. সাইফুল ইসলাম।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ৯৯৯-এ থেকে ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন ছনখোলা নামক পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় অপহৃত দুজনকে উদ্ধার করা হয়। আস্তানা থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, কার্তুজের খোসা, লোহার শিকল, হ্যাক‘স’ ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসার তৈরি জালের গুলতি (গুটি) এবং কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা প্রক্রিয়াধীন।