ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা লেনদেন নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে চালককে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ২৯ জুলাই ২০২৩
টাকা লেনদেন নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে চালককে হত্যা
নিহত মিজবাহ উদ্দীন রিজভী

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে লেগুনা (ম্যাজিক) গাড়ির চালককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে নিখোঁজ গাড়ি চালকের লাশ হারবাং ইনানী রিসোর্টের অদূরে মাছের খাদ্য গুদামের বিপরীত পাশ থেকে শনিবার সকাল পোনে ৭টার দিকে উদ্ধার করে পুলিশ।

নিহত গাড়ি চালকের নাম মিজবাহ উদ্দীন রিজভী (২২)। তিনি কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে।

ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন। 

Advertisement

তিনি নিহতের পরিবারের বরাতে জানান, মিজবাহ উদ্দীন রিজভী ৪ বছর আগে অপ্রাপ্ত বয়সে বরইতলী থেকে সাবেকুন নাহারকে বিয়ে করেন। এরপর হারবাং স্টেশনে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মোহাম্মদ সায়েদ নামের তিন বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। 

নিহতের স্ত্রী মোছা. সাবেকুন নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, জনৈক গাড়ি চালকের সঙ্গে সামান্য টাকার লেনদেন নিয়ে আমার স্বামীর বিবাদ ছিল। তার জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার আগেও ফোনে স্বামীর সঙ্গে কথা হয়েছে। ১২টার পর বাসায় না ফেরায় বারবার ফোন দিয়েও যোগাযোগ করতে পারিনি। 

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, নিহতের মাথার পেছনে ছুরিকাঘাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছোটছোট আরো কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার কারণ উদঘাটনে অপরাধ গোয়েন্দা সংস্থা সিআইডিকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!