নারায়ণগঞ্জে আফতাব হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের ইছাখালী এলাকার কালাম ও নগরপাড়া এলাকার নুর মোহাম্মদ। রায় ঘোষণার সময় নুর মোহাম্মদ উপস্থিত থাকলেও অপর আসামি কালাম পলাতক ছিলেন।
.png)
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, ২০০১ সালের ১৪ নভেম্বর রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা করেন। বিচার কার্যক্রম শেষে রোববার আদালত এ রায় দেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে ফেরার পথে রাস্তায় আটকিয়ে চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে ২০০২ সালে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। সেই মামলায় আজ আদালত এ রায় দেন।