কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বেশ কয়েকটি স্থানে পাহাড় ধস এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক যোগাযোগে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। এতে পানিবন্দি হয়ে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক পর্যটক।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ছয়দিনের বৃষ্টিতে উপজেলার পৌরসভাসহ মোট ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বর্তমানে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
.png)
সাজেকের কুড়েঘর রিসোর্টের মালিক জুতেন ত্রিপুরা জানান, বর্তমানে সাজেকে প্রায় তিন শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পর্যটকরা বর্তমানে যার যার ভাড়া করা রিসোর্টে অবস্থান করছেন।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, সাজেকে প্রায় তিন শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তারা সোমবার বেড়াতে এসেছেন। বর্তমানে তারা নিজ নিজ ভাড়া করা রিসোর্টে অবস্থান করছেন।