এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর এলাকায়। খড়মপুরে দেশ বরেণ্য প্রখ্যাত ওলি হযরত সৈয়দ আহমদ গেছুদারাজ কল্লা শহিদ (রহ.) মাজারে সপ্তাহব্যাপী ওরস মোবারক চলছে। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তর থেকে ভক্ত আশেকানরা মাজারে এসেছেন। এর মধ্যে অসংখ্য ভক্ত আশেকান তারা নৌকা নিয়ে মাজারে সমবেত হয়েছেন।
প্রতি বছরের ন্যায় এবারো বার্ষিক ওরস উপলক্ষে খড়মপুরে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শিল্পীর আগমন ঘটেছে। তারা মাজার সংলগ্ন স্থানে নৌকা ও আস্তানায় কেল্লা বাবার নামে ভক্তিমূলক ও নানা জাতের আধ্যাত্বিক গান পরিবেশন করে মুখরিত করে তুলছে পুরো এলাকা।
.png)
ভক্ত আশেকানরা তাদের প্রিয় শিল্পীর গানশুনে মুদ্ধ হচ্ছেন। সেই সঙ্গে মুছাফির খানাসহ আশপাশের বিভিন্ন স্থানে অসংখ্য গানের আস্তানা গড়ে সমান তালে ঘরোয়া পরিবেশে মাইক ছাড়াই কেল্লা বাবার নামে বিভিন্ন প্রকারের গান পরিবেশন করছেন ভক্ত শিল্পীরা। প্রতিটি আস্তানাতে ভক্ত আশেকানদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
সরেজমিনে গিয়ে দেয়া যায়, ঢাকা-সিলেট (আখাউড়া) বাইপাস ও তিতাস নদীর পাড়ে শতশত নৌকা সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ভক্তরা বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে এখানে এসেছেন। রেললাইনের ওপরে আছে হাজার হাজার কেল্লা ভক্ত আশেকান। নিচে নৌকাগুলোকে লাল কাপড় আর লাল ফিতা দিয়ে সুসজ্জিত করে রেখেছেন। প্রতিটি নৌকাতেই রয়েছে অসংখ্য ভক্ত আশেকান আর শিল্পী। কেল্লা বাবার নামে নানা প্রকার গান শিল্পীরা ঘরোয়া পরিবেশে পরিবেশন করে মাতিয়ে তুলছেন পুরো এলাকা।
নবীনগরের ইদ্রিস মিয়া জানান, তারা এই মাজারের ভক্ত। যখনই ওরস আসে তখন এখানে চলে আসেন। ওরস উপলক্ষে বড় আকারের একটি নৌকা নিয়ে প্রায় ৪০ জনের উপর লোক এসেছেন।
ভক্ত মুশিদ মিয়া বলেন, মাজার প্রাঙ্গণে ভক্ত আশেকানদের সারি সারি নৌকা আর তাদের মনোমুগ্ধকর নানা প্রকারের গান শুনতে খুবই ভালো লাগে। ওরস উপলক্ষে প্রতি বছর এখানে আসি।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, শাহপীর কল্লা শহীদ (র.) সপ্তাহব্যাপী বার্ষিক ওরস মোবারক শুরু হয়েছে। পবিত্র ওরস মোবারকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন প্রান্তর থেকে অসংখ্য ভক্ত আশেকানরা আসছেন। শান্তিপূর্ণভাবে ওরস উদযাপন হচ্ছে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ওরস উদযাপনের লক্ষ্যে নিরাপত্তামূলক সব প্রস্তুতি নেয়া হয়েছে। অফিসারসহ ৬ শতাধিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। আশা করি বিগত বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হবে।