ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকায় আনা হচ্ছে জঙ্গি আস্তানা থেকে আটক ১৩ জনকে

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৫, ১২ আগস্ট ২০২৩
ঢাকায় আনা হচ্ছে জঙ্গি আস্তানা থেকে আটক ১৩ জনকে
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে।

শনিবার কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, ঢাকায় আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নেয়া হবে।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামে একটি বাড়ি ঘিরে রাখা হয়। শনিবার সকাল ৬টা থেকে অভিযান শুরু করে ১৩ জনকে আটক করে সিটিটিসি।

অভিযান শেষে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাড়িটিতে অভিযান চালিয়ে তিন কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, কমান্ডো বুট, বিভিন্ন প্রশিক্ষণ সরঞ্জামাদি, বিপুল পরিমাণ জিহাদি বই ও ধারালো অস্ত্রসহ নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঐ বাড়িতে দীর্ঘদিন অবস্থান করার জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত ছিল।

তিনি আরো বলেন, নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দেওয়ার পর মৌলভীবাজারের একটি পাহাড়ে তারা আস্তানা গেড়েছে- এমন খবরের ভিত্তিতে আমরা ‘অপারেশন হিলসাইড’ চালাই। এটি নতুন একটি সংগঠন, নাম ‘ইমাম মাহমুদের কাফেলা’। বাংলাদেশে এই সংগঠন নতুন করে কার্যক্রম শুরু করেছে। সংগঠনটি মূল ব্যক্তির নামও জানা গেছে। এই সংগঠনের সঙ্গে আরো যারা জড়িত আছেন, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!