ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীদের গালি দিয়ে টিকটক, ২ কিশোর আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ২১ আগস্ট ২০২৩
স্কুলছাত্রীদের গালি দিয়ে টিকটক, ২ কিশোর আটক
আটককৃতরা

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের গালি দিয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল জব্দ করে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করা হয়।

রোববার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের মুরাদনগর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার তীরচর গ্রামের রবিউলের ছেলে আতিকুর রহমান ও দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার মকবুল হোসেনের ছেলে মো. হৃদয়।

জানা যায়, গত বুধবার মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশ্লীল গালি করে টিকটক ভিডিও তৈরি করে একদল বখাটে কিশোর। পরে ফেসবুকে একটি পেজ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে টিকটকারদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি ওঠে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারি জানান, আটক দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!