ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিকেলে অটো নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে নদীতে মিলল লাশ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২১ আগস্ট ২০২৩
বিকেলে অটো নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে নদীতে মিলল লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদী থেকে আব্দুর রাশিদ (৪০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেস্বর ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রাশিদ পার্শ্ববর্তী বালাপাড়া গ্রামের খোশেদ আলম ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বিকেলে আব্দুর রাশিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করতে থাকেন। সোমবার সকালে বাড়ির অদূরে স্থানীয়রা স্বর্ণামতি নদীর কান্তেস্বর  ব্রিজের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন অটোরিকশাচালক আব্দুর রাশিদের লাশ শনাক্ত করেন।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যবহৃত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আলমগীর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে আব্দুর রাশিদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!