ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী-স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ২১ আগস্ট ২০২৩
স্বামী-স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে টিনের ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে স্বামী-স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় মামলার প্রধান আসামি সবুজ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

রোববার বিকেলে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার মাটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ হোসেন যশোরের পোড়াবাড়ি গ্রামের আব্দুল বারিক মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কলারোয়া থানার চন্দনপুরের আব্দুল গাজীর মেয়ে সুফিয়া খাতুনের সঙ্গে ৪ বছর আগে সবুজ হোসেনের বিয়ে হয়। সবুজ আগ থেকেই গরু চোরাচালান এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে বিয়ের পর থেকেই সুফিয়া খাতুনকে মারধর করতেন। তার অত্যাচার সহ্য করতে না পেরে সুফিয়া খাতুন ২০২৩ সালের মার্চ মাসে তার ভাই আব্দুল কাদেরের বাড়ি চলে আসেন।

Advertisement

সুফিয়া খাতুন গত ২৮ মে তার ভাই আব্দুল কাদেরের বাসা থেকে মায়ের সঙ্গে দেখা করার জন্য যশোরে গেলে ঐদিন দিবাগত রাত পৌনে ৩টার দিকে আসামি সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন একত্রিত হয়ে সুফিয়া খাতুনের ভাই আব্দুল কাদেরের টিনের বসতঘরে পেট্রল ঢেলে বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দেন। পরে আব্দুল কাদের ও তার স্ত্রী শারমিন খাতুন মারা যান।

এ ঘটনায় সুফিয়া খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেন। পরে র‌্যাব ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট বিকেলে র‌্যাব-৬ সবুজ হোসেনকে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরার কলারোয়া থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!