ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে দেওয়া বিষাক্ত কীটনাশক খেয়ে ২৫ হাঁসের মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ২৯ আগস্ট ২০২৩
ধানক্ষেতে দেওয়া বিষাক্ত কীটনাশক খেয়ে ২৫ হাঁসের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ধানক্ষেতে পোকা মারার জন্য জমিতে বিষাক্ত কীটনাশক দেন কৃষক জামিরুল ইসলাম। বিষযুক্ত ধান ও পোকামাকড় খেয়ে একই এলাকার ছলিম আলী ব্যাপারীর ২৫টি হাঁস মারা গেছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধপপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার হাইস্কুলের শিক্ষক আজমত আলী।

মঙ্গলবার সকাল ৮টার সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন ছলিম ব্যাপারী।

Advertisement

অভিযোগে জানান, আগাম কোনো সর্তকতা না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন ওই গ্রামের কৃষক জামিরুল ইসলাম। প্রতিদিনের মতো ক্ষুদ্র ব্যবসায়ী ছলিম আলী তার পোষা হাঁস ছেড়ে দেন। হাঁসগুলো ওই জমিতে গিয়ে কাঁদা পানিতে নেমে পোকামাকড় খেতে গিয়ে বিষাক্ত কীটনাশকের কবলে পড়ে ২৫টি হাঁসই মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হাঁসের মালিক মৃত হাঁস নিয়ে ইউনিয়ন পরিষদে যান এবং হাঁসগুলোকে মেরে ফেলার বিচার দাবি করেন।

ছলিম আলী বলেন, ভেবেছিলাম হাঁস বড় হলে বিক্রি করে সমিতির ঋণ পরিশোধ করব। এখন আমি কীভাবে ঋণের টাকা পরিশোধ করব। এ সময় হাঁস হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অভিযুক্ত কৃষক জামিরুল ইসলাম বলেন, আমার জমিতে হাঁস নামবে এটি আমি জানতাম না। আর মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করছে এটি তো আমি সহ্য করব না। কোনো ক্ষতিপূরণ দেব না।

এদিকে স্থানীয়রা বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি আছে। জমির মালিকের উচিত ছিল আগে ঘোষণা দেওয়া। অনেক সময় জমির আশেপাশে বাচ্চারা খেলতে যায়। যদি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ত। ভবিষ্যতে যেন কোনো কৃষক এমন কাজ না করে সেই দাবি জানান স্থানীয়রা।

বাহাদুরপুরের ইউপি চেয়ারম্যান পবন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সালিশের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!