ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে তিন লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৩১ আগস্ট ২০২৩
চট্টগ্রামে তিন লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে জাল নোট তৈরির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড ও আইস ফ্যাক্টরি রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজনের কাছ থেকে নোট তৈরির সরঞ্জাম ও তিন লাখ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কক্সবাজারের সদর থানার দক্ষিণ রুমালিয়ার ছড়া আজি মুল্লাহ বাড়ির আজি মুল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (২৭) ও চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা গ্রামের নুরুল হক চৌধুরীর ছেলে মো. শহীদুল হক চৌধুরী শাহীন (৩৫)। 

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ) উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের হোটেল সৈকতের সামনে থেকে তিন লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের শফি সুপার মাকের্টের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জাল নোট তৈরির প্রিন্টারসহ মূলহোতা শহীদুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে তা সাধারণ মানুষকে ঠকিয়ে ব্যবহার করে আসছিলেন তারা। এছাড়া জাল নোট ব্যবসায়ীদেরও সরবরাহ করে তারা। পাশাপাশি ইয়াবা বেচাকেনায় এই নোট বেশি ব্যবহার হয় বলেও জানিয়েছে তারা। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!