[ দেশজুড়ে ]
হবিগঞ্জে খেলার মাঠে মিলল যুবকের লাশ
লাশ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ শহরের নিউফিল্ড খেলার মাঠ থেকে শিমুল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মাঠের এক পাশে ঐ যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। মৃত শিমুল মিয়া লাখাই উপজেলার বামৈ কাটিহারা গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন রোডের ধানসিঁড়ি দোকানের কর্মচারী ছিলেন।
জানা যায়, শিমুল মিয়াকে সোমবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেও তাকে খুঁজে পাননি স্বজনসহ তার বন্ধুরা। মঙ্গলবার দুপুরে নিউফিল্ড মাঠে একটি লাশ পড়ে থাকার খবর শুনে শিমুলের এক বন্ধু এটি শনাক্ত করেন।
.png)
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!