ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিদ্ধিরগঞ্জে একদিনে ৪ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ২ সেপ্টেম্বর ২০২৩
সিদ্ধিরগঞ্জে একদিনে ৪ লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একদিনে চারজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীর পাশে কবর দেওয়ার জন্য বাবা-মাকে অনুরোধমূলক চিরকুট লিখে লুৎফর রহমান জনি নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার ভোর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। ৩৫ দিন আগে একই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন তার স্ত্রী স্বর্ণা।

মৃত লুৎফর রহমান জনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আউয়াল মিয়ার ছেলে।

Advertisement

অপর দিকে, সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া আইলপাড়া এলাকায় জহির মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া সাজ্জাদ হোসেনের স্ত্রী নাসরিন আক্তার নামে এক গৃহবধূ একইদিন ভোরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে কোমল মিনি বাস স্ট্যান্ড থেকে মছিবুর রহমান (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার বাড্ডা থানার মগারদিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে। মছিবুর একটি মিনি বাসের হেলপার ছিলেন। রাতে বাসের ভিতরেই ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানায়।

এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৭ নম্বর গলিতে স্বাধীন (১১) নামে এক শিশু ঘরের বারান্দায় গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত স্বাধীন নেত্রকোণার খালিয়াজুড়ি থানার কল্যাণপুর এলাকার ফুয়াদ আলির ছেলে। সে পরিবারের সঙ্গে হাউজিংয়ে জাহাঙ্গীরের বাড়ির ছয় তলায় ভাড়া থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, লাশ চারটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চারটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!