সোনাতলায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৫
বগুড়ার সোনাতলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গ্রাম করমজা এলাকায় বিদেশ যাওয়াকে কেন্দ্র করে টুকু প্রামানিকের ছেলে মঞ্জু প্রামানিকের সঙ্গে একই গ্রামের ভোলা প্রামানিকের ছেলে ইসলাম প্রামানিক ও আব্দুর রশিদ প্রামানিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন টেঁটাসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় ভোলা প্রামানিকের ছেলে ইসলাম প্রামানিক একটি টেঁটা নিয়ে এসে রঞ্জু মিয়ার ডান হাতে আঘাত করেন। পরে রঞ্জুর চিৎকারে তার স্ত্রী সালমা বেগম ও বড় ভাই মঞ্জু প্রামানিক এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও লাঠি দিয়ে মারপিট করেন। এ সময় মহিদুল ইসলাম এবং আব্দুর রশিদ নামে আরো দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চারজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠান করেন। এ ঘটনায় মহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।