ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১২০ টেঁটাসহ ব্রাহ্মণবাড়িয়ায় ধরা পড়লেন নরসিংদীর ৪ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ৭ জানুয়ারি ২০২৩
১২০ টেঁটাসহ ব্রাহ্মণবাড়িয়ায় ধরা পড়লেন নরসিংদীর ৪ জন
উদ্ধার করা টেঁটাসহ আটক চারজন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১২০টি টেঁটাসহ নরসিংদীর চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার চরদিঘলদী এলাকার আব্দুল হামিদের ছেলে ৬০ বছর বয়সী আশকর আলী, একই এলাকার হাসেম মিয়ার ছেলে ৪৫ বছরের বাতেন মিয়া, ছেকেন মিয়ার ছেলে ৪০ বছরের খোকন মিয়া ও ছানাউল্লাহর ছেলে ৩৫ বছরের খাইদর মিয়া ওরফে হায়দর।

বাঞ্ছারামপুরে থানার ওসি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি আঁটিতে ১২০টি টেঁটা উদ্ধার করা হয়। পরে ছয়জনকে আটক করে পুলিশ। আটকরা বিভিন্ন জায়গায় ভাড়ায় মারামারি করেন। তারা নরসিংদীর রায়পুরায় মারামারি করার জন্য এরশাদ মিয়ার বাড়িতে সংঘবদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় এরশাদকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!