চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধে শপথ নিলেন চেয়ারম্যানসহ গ্রামবাসী
‘মারবো না, মরবো না। থাকবো মোড়া মিলে মিশে’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধসহ বিবদমান গ্রুপগুলোর মধ্যে চলমান বিরোধ নিরসনে এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। টেঁটাযুদ্ধ, খুনাখুনি, মারামারিসহ সব প্রকার দাঙ্গা থেকে নিজেদের বিরত রাখতে চরাঞ্চলের সব চেয়ারম্যানসহ গ্রামবাসীদের শপথ বাক্য পাঠ করানো হয়। ওই সময় আধিপত্য বিস্তারসহ সব বিবাদ ভুলে মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করানো হয়।
সোমবার (২৫ জুলাই) বিকেলে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়া মাদকসেবীর কাছে সব ধরণের পণ্য বিক্রি বন্ধসহ ঘাট থেকে মাদক সেবীদের পারাপারেও অনাগ্রহের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত পোষণ করা হয়।
সম্প্রতি নরসিংদীর রায়পুরার নিলক্ষা, বাশঁগাড়ী ও আলোকবালী ইউনিয়নে গ্রামবাসীদের মধ্যে একাধিক টেঁটাযুদ্ধে কয়েকজন নিহতসহ প্রায় দুই শতাধিক লোক আহত হন। এরই প্রেক্ষিতে চরাঞ্চলে টেঁটা যুদ্ধে বন্ধে নরসিংদী জেলা পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেন।
করিমপুর ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান আপেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।
বিরোধ নিরসন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন শাহ্।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একসময় টেঁটা দিয়ে মাছ শিকার করতো। এখন এই চরাঞ্চলগুলোতে মানুষ হত্যা করে। এটা বর্বরতা ছাড়া আর কিছুই নয়। তাই মনের কালিমা দূর করে টেঁটাযুদ্ধ বন্ধসহ গ্রামের সব ধরনের বিরোধের অবসান ঘটিয়ে সবাই মিলেমিশে থাকার আহ্বান জানানো হয়।