ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের নিকট থেকে আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শনিবার দুপুর ১টায় র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ সাদেকুল ইসলাম র‍্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় র‍্যাব ফেনী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

র‍্যাবের অধিনায়ক জানান, র‍্যাব জানতে পারে; ডাকাত দল একটি পিকআপযোগে শনিবার ভোরে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির মালামালসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছে। এ সংবাদ পেয়ে র‍্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরালগঞ্জ থানার বারৈয়ার হাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। ভোর ৫টার দিকে একটি সন্দেহভাজন পিকআপকে থামার সংকেত দিলে সেটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

Advertisement

র‍্যাব সদ্যসরা পিকআপটিকে ধাওয়া করে জোরালগঞ্জ থানার খিলমুরারী গ্রামের বাসিন্দা মো. হকসাব ওরফে মাদক সম্রাট (২৩), একই থানার হিংগুলী গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম রনি (২৪) নারায়ণগঞ্জের চরপাড়ার বাসিন্দা চাঁন মিয়া (২৮) এবং সুনামগঞ্জের আকতা পাড়ার বাসিন্দা সিজিল মিয়া সোহাগকে (৩০) আটক এবং তাদের দেখানো ও তথ্যমতে একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, ৩৪ অটোরিকশার ব্যাটারি, ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করেন। পরে পিকআপটি জব্দ ও উপরোক্ত ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামিরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ডাকাত দলটি মহাসড়ক ও আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত। তারা মহাসড়কে ডাকাতি করে মালামাল ঢাকায় বিক্রি করে থাকেন। মহাসড়কে চলাচলকারী পথচারীদের আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ছিনতাই ও ডাকাতি করেন বলে তারা স্বীকার করেন।

গ্রেফতার ৪ ডাকাতের মধ্যে মো. হকসাব প্রকাশ মাদক সম্রাটের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ ও সীতাকুন্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ ২০টি মামলা এবং মো. সাইফুল ইসলাম রনির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় চুরি, হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডাকাতি ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!