ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আমার কোলে আসো মা, অন্ধকারে কীভাবে থাকবে?’

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
‘আমার কোলে আসো মা, অন্ধকারে কীভাবে থাকবে?’
ছবিতে জান্নাতি খাতুন

আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা রয়েছেন বাড়ির উঠানের চারিদিক ঘিরে। মাঝে রয়েছে সাদা প্যাকেটে ভরা ছয় বছর বয়সী শিশু জান্নাতি খাতুনের নিথর দেহ। পাশে ঘরের বারান্দায় মেয়ের ছবি হাতে নিয়ে বিলাপ করতে করতে শিশু জান্নাতির মা স্বপ্না খাতুন বলছেন- ‘মা তুমি ওখান থেকে উঠে আমার কোলের মধ্যে আসো। তুমি অন্ধকার কবরে কীভাবে থাকবে?’

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ দৃশ্য দেখা যায়। মৃত শিশু জান্নাতি খাতুন একই গ্রামের খোকন ভূইয়ার মেয়ে।  

শিশু জান্নাতির বাবা খোকন ভূইয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, সোমবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে রাস্তার পাশে শনপাপড়ি কিনতে যায় জান্নাতি। এরপর আর বাড়ি ফিরে আসেনি জান্নাতি। পরে বাড়ির পাশের ডোবায় খুঁজাখুঁজি করা হয়। সারাদিন সন্ধান না পেয়ে শৈলকুপা থানায় একটি জিডি করি। রাত সাড়ে ১০টার দিকে জান্নাতির লাশ বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখতে পাওয়া যায়।

Advertisement

তিনি অভিযোগ করে বলেন, ঐ ডোবায় জান্নাতিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তাহলে রাতে তার লাশ সেখানে এলো কীভাবে? এছাড়া জান্নাতির ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের দাগ রয়েছে কপালেও। ধারণা করছি- তাকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়। এরপর রাতের কোনো এক সময় লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিশু জান্নাতির লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ঐ শিশুর হাতে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এ বিষয়ে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!