জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, প্রাণ গেল জেলের
ভোলার লালমোহন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মো. জিহাদ নামে ১৫ বছর বয়সী এক কিশোর জেলের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিহাদ একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যার পর জিহাদসহ ছয় জেলে বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। রাত আনুমানিক ১টার দিকে নদীতে জাল ফেলে তারা ট্রলারের মধ্যে ঘুমিয়ে পড়েন। এ সময় ঢাকাগামী মালবাহী একটি জাহাজ ঐ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারের জেলেরা চিৎকার দিলে পাশে থাকা অন্য একটি মাছ ধরা ট্রলার এগিয়ে এসে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ থাকে জিহাদ। তাকে না দেখে খুঁজতে শুরু করে উদ্ধার হওয়া সবাই। একপর্যায়ে ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করার সময় কিশোর জিহাদকে ঐ ট্রলারের মধ্যে মৃত অবস্থায় পান অন্য জেলেরা।
.png)
এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ কিশোর জেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।