মলম পার্টির কবলে খোয়া গেল টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার
সাতক্ষীরার তালা উপজেলায় মলম পার্টির কবলে পড়ে এক পরিবারের টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের কর্তা নুর আলী বিশ্বাস জানান, মলম পার্টির লোকজন বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে।
নুর আলী একই এলাকার মৃত অহিদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে নুর আলী বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস জানান, শনিবার রাতে ভাই ও তার স্ত্রী নুরজাহান বেগম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংসে দুর্বৃত্তরা কৌশলে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে খাবার খেয়ে নুর আলী বিশ্বাস এবং তার স্ত্রী নুরজাহান বেগম অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় মাগুরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে তার এলাকায় চোর ও মাদকসেবীদের উপদ্রপ বেড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওয়তায় এনে শাস্তির দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
তালা থানার ওসি মোমিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।