বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজের ফেসবুক আইডি থেকে শেয়ার করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক মোরেলগঞ্জ উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি বাগেরহাট জেলা ছাত্রদলের দফতর থেকে অনুমোদন দেওয়া হলো।
আবার জেলা ছাত্রদলের দফতর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমনের ফেসবুক আইডিতে শেয়ার অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ এবং সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপের নির্দেশক্রমে মোরেলগঞ্জ উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি বাগেরহাট জেলা ছাত্রদলের দফতর থেকে অনুমোদন দেওয়া হলো।
.png)
এ বিষয়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, বাগেরহাট জেলায় ছাত্রদলের দুটি গ্রুপ রয়েছে। একটি সভাপতি ইমরান খান সবুজের গ্রুপ এবং অপরটি সেক্রেটারি আলী সাদ্দাম দ্বীপের গ্রুপ। এজন্য দুটি কমিটি হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ বলেন, জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজের ফেসবুক থেকে শেয়ার করা কমিটিই সঠিক। এটি কেন্দ্র থেকে অনুমোদনপ্রাপ্ত। অন্য কমিটি ভুয়া।
অপরদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী আজিম বলেন, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমনের আইডি থেকে শেয়ার করা কমিটি সঠিক। জেলা সভাপতির আইডি থেকে পোস্ট করা কমিটি অনুমোদিত নয়।