রোববার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজেদের ভাড়া বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ছয়জনকে পলাতক আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
পলাতক আসামিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম গোদার বিল এলাকার আবু সৈয়দের ছেলে আব্দুল্লাহ (২৮), একই এলাকার কালা মিয়ার ছেলে মো. কাসিম, দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার হোসন আহম্মদের ছেলে সাদ্দাম (২৮), উত্তর লম্বরি এলাকার হোসন আহম্মদের ছেলে কাদের (৩৫), পশ্চিম গোদার বিল এলাকার ইমাম হোসেনের ছেলে শাহ আলম (২০) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার বশির আহম্মদের ছেলে আনোয়ার (৩৫)।
.png)
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজেদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঐ ঘরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্ৰাম হিরোইন, ৫৩ হাজার পিস ইয়াবা, চারটি বিদেশি পিস্তল, ১৪১ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছয়জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।